জামায়াত গণতান্ত্রিক দল কি না, প্রশ্ন মির্জা ফখরুলের
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে অভিহিত করে, তাদের জ্ঞানের যথেষ্ট অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামায়াতের আমিরকে তাদের দলের গঠনতন্ত্র পড়ে দেখার পরামর্শ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, জামায়াত আদৌ কোনো গণতান্ত্রিক দল কি না।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'রাষ্ট্রপতি নির্বাচন বা মনোনয়নের বিষয়ে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।'
কৃষি খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ মহানগর ও জেলা বিএনপির স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
Comments