মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সরকারি সফরে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার (২৬ জুলাই) রাজধানী মালের পাশের দ্বীপ হুলহুমালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন। এ সময় তিনি হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং বাংলাদেশ–মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা, কনস্যুলার সেবাকে আরও সহজ ও কার্যকর করা, শ্রমবাজার সম্প্রসারণ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসীদের জন্য সরকারের সেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নে হাইকমিশনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপে বাংলাদেশ ব্যাংকের একটি শাখা স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের শাখা চালু হলে প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজ হবে, লেনদেনের ব্যয় কমবে এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।
এ সময় হাইকমিশনের কর্মকর্তারা মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য চলমান কনস্যুলার সেবা, বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর দপ্তরের পরিচালক জাকির আহমেদ, সহকারী সচিব রাফিদ মাহবুব আহমদ এবং শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের প্রতিরক্ষা উপদেষ্টা (শ্রীলঙ্কা ও মালদ্বীপ) কমানডো মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ হাউসে যান। সেখানে তাঁর সম্মানে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এক নৈশভোজের আয়োজন করেন।
বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় এবং তাঁর দিকনির্দেশনা হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
Comments