রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। রোববার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাক্ষাতের বিধান রয়েছে। সে অনুযায়ী সিইসি এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে রোববার সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবকে নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচনের আইন পর্যালোচনার পর স্পিকারের সঙ্গে বৈঠকের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা তথা সংসদ সদস্যদের নাম ইসি সচিবালয়ে পাঠানোর পর ইসি ভোটার তালিকা চূড়ান্ত করে তফসিল ঘোষণা করবে। এসব কার্যক্রমের বিষয়েই স্পিকারের সঙ্গে আলোচনা করা হবে।
গত শুক্রবার বিকেলে মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে।
Comments