জমি-সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনায় যুবককে গলা কেটে হত্যা
নেত্রকোণা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে এক যুবককে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। রবিবার ভোরে নিজ বসতঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোণা মডেল থানার ওসি মোঃ আবুল খায়ের। নিহত ব্যক্তি মাহফুল মিয়া (৩৫), ওরফে মাসুল। তিনি মৃত ইয়াকুব আলীর ছেলে এবং দুআনী দুধকুড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে মাহফুল রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। রবিবার ভোর আনুমানিক ৫টার দিকে তার মা ঘুম থেকে উঠে ছেলের কক্ষের দরজা খোলা দেখতে পান। পরে টর্চের আলো জ্বালিয়ে তিনি মাহফুলকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী শফিকুল ইসলাম (৪০), পিতা- সুরুজ আলী, মাতা- সমলা আক্তারের সঙ্গে দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন, হত্যার রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Comments