দলীয় ফোরামে আলোচনা করেই নতুন রাষ্ট্রপতি ঠিক হবে: মির্জা ফখরুল
দলের নীতিনির্ধারণী ফোরামে বিস্তারিত আলোচনার মাধ্যমেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। আমাদের তো কোনো মিটিংই হয়নি এখনো। বৈঠকের পরেই বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। নিজের নাম নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলা গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান এবং জানান যে দলীয় ফোরামের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত বলে গণ্য হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কার্যক্রমে অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী। তাঁর বক্তব্যের অন্যান্য উল্লেখযোগ্য দিকগুলো হলো:
-
কৃষকদের সবচেয়ে বড় সমস্যা উৎপাদন নয়, বরং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর পাশাপাশি এ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর তিনি জোর দেন।
-
শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের কৃষিভিত্তিক উদ্যোগ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি, যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি কৃষকদের লাভবান করবে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।
Comments