জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের নির্দেশ
সরকারি কর্মঘণ্টা এবং জনগণের রক্তঘামে অর্জিত করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য সিভিল সার্ভিসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। সরকারি কাজে সময়, অর্থ ও জনশক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে জনসেবার মানোন্নয়নকেই প্রশাসনের মূল লক্ষ্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান তিনি।
সোমবার (২০ জুলাই) রাজধানীর বিসিএস প্রশাসন একাডেমিতে 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি প্রতিটি সভা, প্রশিক্ষণ ও কর্মশালার 'রিটার্ন অন ইনভেস্টমেন্ট' (ROI) হিসাব করার সময় এসেছে। কত টাকা ও কর্মঘণ্টা ব্যয় হলো এবং তার বিনিময়ে সেবার মান কতটুকু বাড়ল, তা মূল্যায়নের চর্চা শুরু করতে হবে। প্রশাসনের যেকোনো পদক্ষেপ নেওয়ার আগেই এর প্রয়োজনীয়তা এবং জনগণের ওপর এর ইতিবাচক প্রভাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেন তিনি।
বৈশ্বিক ভূ-রাজনীতি, সরবরাহ শৃঙ্খলের সংকট, জলবায়ু পরিবর্তন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মতো চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে কর্মকর্তাদের সর্বদা সজাগ, দূরদর্শী ও পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাইয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। সরকারের নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকার বাস্তবায়নের মূল চালিকাশক্তি হলো প্রশাসন। একটি আধুনিক, দক্ষ ও জনমুখী রাষ্ট্র গঠনে কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন তিনি।
Comments