ফ্যামিলি কার্ডের সুষ্ঠু বণ্টনে নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার ও তথ্য যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুফল পৌঁছে দিতে তথ্যের নির্ভুল যাচাই-বাছাই ও একটি সমন্বিত ডাটাবেজ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, "দেশের প্রকৃত সুবিধাভোগীদের হাতে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। এর জন্য একটি নির্ভরযোগ্য, আধুনিক ও সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা জরুরি। তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচনের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।"
তিনি সারা দেশে ধাপে ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, তথ্যপ্রযুক্তির সর্বাত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর জোর দেন।
উক্ত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট দফতর ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Comments