স্কটল্যান্ডের এডিনবড়ায় ইন্টারন্যাশনাল বাউল এন্ড ফোক কালচারাল ফ্যাস্টিভাল অনুষ্ঠিত
জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে স্কটল্যান্ডের রাজধানী এডিনবড়ার স্থানীয় 'দ্যা ডিন' হলে ১৫ জুলাই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বাউল ও লোকসংগীত উৎসব ২০২৬। অনুষ্ঠানের শুরুতেই ইন্টারন্যাশনাল বাউল ও ফোক কালচারাল ফ্যাস্টিভাল এর উদ্বোধন করেন বাংলাদেশ হাইকমিশনার ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনার সাব্বির হোসেন।
অনুষ্ঠানের আয়োজক শাহ ইমদাদুল হক বাবুর সার্বিক তত্ত্ববধানে এবং আলাউদ্দিন আলোর সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী শফি মন্ডল, বাউল ডলি মন্ডল, বাউল সরদার হীরক রাজা, প্রফেসর তারেক রেজা, প্রফেসর জাহিদুল কবির ও জোহরা জেমি। এছাড়া স্থানীয় ফোক পাগলা'র শিল্পী আজিম মাহমুদ সুমন, বাউল রবিন হোসাইন সংগীত পরিবেশন করেন। ফোক কালচারাল হেরিটেজ হিসেবে ২০০৫ সালে ইউনেস্কো স্বীকৃতি লাভ করে।
বিশ্ব বাংলা ভাষাভাষী মানুষের মাঝে বাউল ও লোকগীতির সূর ছড়িয়ে দেওয়ার লক্ষে এই প্রথম বারের মতো যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এই উৎসবের আয়োজন করা হয়। বাংলাদেশ বাউল ও ফোক কালচারাল সংস্থার টিম ম্যানেজার এহতাশেমুল হকের নেতৃত্বে এই প্রথমবারের মতো যুক্তরাজ্যে আন্তর্জাতিক বাউল ও ফোক কালচারাল ফ্যাস্টিভালের উদ্যোগ গ্রহণ করেন। বাউল ও লোকগীতি সংস্কৃতির চর্চার এই ধারা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ব্যপ্তি ছড়িয়ে দেওয়ার লক্ষে সংগঠনের কর্মশালা প্রসারের নিমিত্তে শাহ ইমদাদুল হক বাবুকে আহবায়ক কমিটির প্রধান করে 'স্কটিশ বাউল ও ফোক কালচারাল সংস্থার' সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি পিএইচসি সভাপতি আলমগীর কবির ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব ফয়সাল চৌধুরী, স্কটিশ লেবার পার্টি মেম্বর আফিফা খানম, থ্রিশল শাপলা সভাপতি ফকরুল ইসলাম, ব্যবসায়ী জালাল মোড়ল, সাংবাদিক হুমায়ুন কবির, ঢাকা জেলা মহিলা দল সভাপতি শামিমা রহিম প্রমুখ।
অনুষ্ঠানে গানের পাশাপাশি বাংলা খাবার পরিবেশনায় কয়েকটি স্টল ফ্যাস্টিভালে অংশগ্রহণ করে। এতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কোমলমতি শিশুরাও আনন্দ উপভোগ করে। বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশু কিশোরের অংশগ্রহণে ফেস্টিভ্যালটি মিলনমেলায় পরিণত হয়।
Comments