জাতি ‘অর্ধকানা’ হলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না: শিক্ষামন্ত্রী
জাতি 'অর্ধকানা' হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন ট্রল ও সমালোচনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'শিক্ষার্থীরা একটি ন্যারেটিভকে (বক্তব্য) ভুলভাবে বা নেতিবাচকভাবে নিয়েছে। জাতি যদি এভাবে অর্ধকানা হয়ে যায়, তাহলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে না। যারা আমাকে নিয়ে ট্রল করছে, তারা কেউই প্রকৃত ছাত্র নয়।'ছাত্রদের ভুল বুঝিয়ে (মিসগাইড করে) আন্দোলন বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে লাভ নেই উল্লেখ করে তিনি বলেন, 'আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। যে যত ট্রলই করুক না কেন, আমাদেরকে সঠিক দায়িত্ব পালন থেকে বিচ্যুত করা যাবে না।'
বাংলাদেশের উচ্চশিক্ষার মানোন্নয়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, 'ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে বাংলাদেশে আসবে। আমরা দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সেই আন্তর্জাতিক মানদণ্ডেই তৈরি করছি।"
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়াকে স্থানীয় জনগণের দীর্ঘ প্রতীক্ষার অবসান হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ১৮ জুলাই নওগাঁর শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এর আগে সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন নওগাঁ শহরের বরুনকান্দি এলাকায় অবস্থিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস ও একাডেমিক ভবন পরিদর্শন করেন।
Comments