সরকারের ৫ মাস পূর্তি: আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে আজ শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের 'করবী' হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।
প্রেস সচিব সালেহ শিবলী জানান, নির্বাচনী ইশতেহার ধরে ধরে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে বিএনপি এক অনন্য নজির স্থাপন করেছে। গত পাঁচ মাসে ইশতেহার বাস্তবায়নে সরকারের অগ্রগতি ও সফলতা এই সম্মেলনে তুলে ধরা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল লক্ষ্য জনগণকে ক্ষমতায়ন করা। এই লক্ষ্য অর্জনে সরকার কতটুকু এগিয়েছে, তা জনগণকে স্পষ্টভাবে জানানো হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় দেশের ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য-উপাত্ত প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে। সেই ধারাবাহিকতায় আজ ১৮ জুলাই সরকারের পাঁচ মাস পূর্তির এই আনুষ্ঠানিক পর্যালোচনা তুলে ধরা হচ্ছে।
Comments