কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি উধাও: ৭ কর্মী বরখাস্ত
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী বন্দি দেয়াল টপকে পালিয়ে গেছেন। দায়িত্ব অবহেলার দায়ে ৩ জন মেট্রন এবং ৪ জন নারী কারারক্ষীসহ মোট ৭ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনাটি খতিয়ে দেখতে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বরখাস্ত হয়েছেন, মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারাগারের নিয়ম অনুযায়ী, বিকাল ৫টার মধ্যে বন্দিদের সেলে (লকআপ) ঢোকানোর কথা থাকলেও তা করা হয়নি। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কয়েকজন নারী বন্দিকে দিয়ে কারাগারের ভেতরে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এই সুযোগে ধানমন্ডি থানার একটি সিআর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত বন্দি রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
নিখোঁজের পর কারা কর্তৃপক্ষ পুরো এলাকায় তল্লাশি চালিয়ে সিসিটিভি ফুটেজের মাধ্যমে রিম্পার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা এবং গত ৯ জুলাই তাকে এই কারাগারে আনা হয়েছিল।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কারাগারের জেলার শিরীন আক্তার বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করেছেন। সহকারী কারা মহা-পরিদর্শক (এআইজি) জান্নাতুল ফরহাদ জানান, পলাতক রিম্পা কোনাবাড়ি এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন ব্যবহার করে তার বাড়িতে যোগাযোগ করেছিলেন। এই সূত্রের (ক্লু) ওপর ভিত্তি করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারে যৌথ অভিযান চালাচ্ছে।
Comments