রাজনীতিতে ধর্ম নিয়ে বিভাজন দেশের মানুষ বিশ্বাস করে না: মির্জা ফখরুল
বাংলাদেশের রাজনীতিতে ধর্ম নিয়ে যে বিভাজন সৃষ্টির চেষ্টা করা হয়, দেশের সাধারণ মানুষ তা বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটি বিশেষ অপশক্তি ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের পর থেকেই দেশের সম্প্রীতি নষ্ট করতে বারবার আঘাত করে আসছে। দেশের অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে এবং অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখতে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিএনপি কোনো ধরনের ধর্মীয় বিভাজনে বিশ্বাস করে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,'দলগতভাবে বিএনপি বিভাজনের রাজনীতি করে না বলেই দেশের সব ধর্মের মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমান দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী সংসদে নারী সদস্যদের মনোনয়নের ক্ষেত্রেও সব ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এক অনন্য নজির স্থাপন করেছেন।'
অনুষ্ঠানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি ঘোষণা করেন যে, দেশের সকল ধর্মীয় উপাসনালয় ও প্রতিষ্ঠানের প্রধানদের জন্য সরকার ইতিমধ্যে নিয়মিত ভাতার ব্যবস্থা নিশ্চিত করেছে, যা সামাজিক ও ধর্মীয় সৌহার্দ্যকে আরও জোরদার করবে।
Comments