তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট
আইন অনুযায়ী প্রমাণিত বা কার্যকর নয় এমন তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ কিংবা দেনমোহরের রায় বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছেন, নাবালক সন্তানের ভরণপোষণ মা-বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়; এটি শিশুর একটি স্বাধীন আইনি অধিকার।
আজ বৃহস্পতিবার বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চের দেওয়া এই রায়ের অনুলিপি প্রকাশ পায়।
২০১১ সালে বিয়ের পর এক দম্পতির পারিবারিক বিরোধের জেরে ফ্যামিলি কোর্ট স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণপোষণের রায় দেন। ফ্যামিলি কোর্টে স্বামী তাঁর তালাকের দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে স্বামী আরেকটি নতুন মামলা করে পূর্বের রায় স্থগিতের আবেদন করলে নিম্ন আদালত তা খারিজ করেন। বিষয়টি হাইকোর্টে এলে হাইকোর্টও স্বামীর আবেদন খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। একই সাথে স্বামীকে বকেয়া দেনমোহর ও ভরণপোষণ অবিলম্বে পরিশোধের নির্দেশ দেন।
উচ্চ আদালত স্থগিত না করা পর্যন্ত ফ্যামিলি কোর্টের দেওয়া চূড়ান্ত রায় জারী আদালত বাস্তবায়ন করতে বাধ্য। শুধু নতুন মামলা দায়েরের অজুহাতে তা বন্ধ করা যাবে না। আইন অনুযায়ী প্রমাণিত না হলে সেই তালাকের কোনো বৈধতা নেই এবং তা বৈবাহিক সম্পর্ক অবসান ঘটায় না। মা-বাবার বিরোধ যাই হোক না কেন, পিতা কোনোভাবেই সন্তানের ভরণপোষণের দায়িত্ব এড়াতে পারেন না। বিবাহ, তালাক ও ভরণপোষণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একচ্ছত্র এখতিয়ার কেবল ফ্যামিলি কোর্টের।
আদালতে স্বামীর পক্ষে মো. শহিদুল ইসলাম এবং স্ত্রীর পক্ষে ইশরাত হাসান শুনানি করেন। আইনজীবী ইশরাত হাসান জানান, এই রায় নারী ও শিশুর অধিকার সুরক্ষা এবং আদালতের চূড়ান্ত রায়ের কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় দৃষ্টান্ত।
Comments