আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি: সংসদে শিক্ষামন্ত্রী
শিক্ষাবর্ষকে সময়োপযোগী এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে পাবলিক পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় আগামী শিক্ষাবর্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী সংসদে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ধাপে ধাপে শিক্ষাবর্ষের শুরু ও পাবলিক পরীক্ষার সময়সূচির মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে। এতে শিক্ষার্থীদের একাডেমিক জীবনের মূল্যবান সময় বা সেশনজটের অপচয় কমবে। তিনি আরও উল্লেখ করেন, সরকার পর্যায়ক্রমে পাবলিক পরীক্ষাগুলো আরও এগিয়ে এনে দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
সংসদে শিক্ষামন্ত্রীর এই ঘোষণার দিনই দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের খবর পাওয়া গেছে। টানা বৃষ্টি ও তীব্র জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শিক্ষামন্ত্রী সংসদে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে সরকারের এই পরিকল্পনার কথা জানালেন।
Comments