নরসিংদীতে বালু ব্যবসায়ীর কান কামড়ে এলাকা ছাড়াও হুমকি বিএনপি নেতার
নরসিংদীর পলাশ উপজেলায় এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রেখে মারধর এবং তাঁর কানে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। আক্রান্ত ব্যবসায়ীর কানে চারটি সেলাই দিতে হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ঘোড়াশাল বাংলাদেশ জুটমিলের সামনে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত নেতার নাম মহিউদ্দিন চিশতিয়া, যিনি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম সাখাওয়াত হোসেন (৪৮)। তাঁর বাড়ি পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালীগঞ্জে। বর্তমানে তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেনের ভাষ্যমতে, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের ভেতরে টি কে গ্রুপের একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে বালু ভরাটের কাজ করছিলেন তিনি। এ জন্য শীতলক্ষ্যা নদীতে একটি ড্রেজার বসিয়েছিলেন। গতকাল বিকেলে ড্রেজার শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে জুটমিলের সামনে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন ব্যক্তি তাঁর পথরোধ করেন।
তাঁরা সাখাওয়াতকে জোরপূর্বক তুলে বিএনপি নেতা মহিউদ্দিন চিশতিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে এক ঘণ্টা আটকে রেখে মহিউদ্দিনসহ আরও ৬-৭ জন মিলে কিলঘুষি ও চড়থাপ্পড় মারেন।
সাখাওয়াত হোসেন জানান, "মহিউদ্দিন জানতে চান কেন তাঁকে না জানিয়ে সেখানে ড্রেজার বসানো হয়েছে। উত্তর দেওয়ার আগেই তিনি আমার গলা চেপে ধরে এক কানে সজোরে কামড় বসিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় আমি কান চেপে ধরলে, ড্রেজার সরিয়ে দ্রুত এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।"
পরবর্তীতে ড্রেজার সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলে আসামিরা তাঁকে ছেড়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি হাসপাতালে ভর্তি হন।
পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন জানান,'গতকাল সন্ধ্যার পর গুরুতর আহত অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। তাঁর কানে চারটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি আমাদের পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।"
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছে। এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ব্যস্ততা দেখিয়ে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, "বর্তমানে ড. আবদুল মঈন খান স্যারের একটি রাজনৈতিক কর্মসূচি নিয়ে ব্যস্ত আছি। পরবর্তীতে ভিডিও বক্তব্যের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানাব।"
Comments