‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে দেশের অর্থনৈতিক প্রগতির মূলধারায় যুক্ত করতে 'জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত 'তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ' শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এই প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন করেন। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে 'স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ' স্লোগানে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই দেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি আকর্ষণীয় তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর 'গল্প নয়, সত্যি' পর্বে সফল স্টার্টআপ উদ্যোক্তারা তাদের অনুপ্রেরণাদায়ী অভিজ্ঞতা বিনিময় করেন। স্টার্টআপ খাতের নানা দিক ও তরুণদের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের সাথে প্রধানমন্ত্রীর একটি ফলপ্রসূ মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নির্বাচিত ছয়জন সম্ভাবনাময় উদ্যোক্তার হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। একই সাথে প্রধানমন্ত্রীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আজ উদ্বোধনের মাধ্যমে চালু হওয়া এই প্ল্যাটফর্মটি মূলত তরুণ ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান-স্টপ ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা একক প্ল্যাটফর্ম থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা পাবেন। এরমধ্যে রয়েছে- সরকারি অনুদান ও বিভিন্ন সহায়তা কর্মসূচি। পেশাদার প্রশিক্ষণ এবং অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা (মেন্টরিং)। দেশি-বিদেশি বিনিয়োগের সুযোগ ও অংশীদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মেলবন্ধন।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রযুক্তিগত রূপান্তরের লক্ষ্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০২৬-এ স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণ ও নারীর উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে ইতোমধ্যেই ৫০০ কোটি টাকার একটি বিশাল 'স্টার্টআপ ফান্ড' গঠন করা হয়েছে, যা নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগে অর্থায়নে কাজ করবে।
পবিত্র কুরআন তিলাওয়াত এবং গীতা, ত্রিপিটক ও বাইবেলের বাণী পাঠের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। আইসিটি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ও অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য ড. মো. মোর্শেদ হাসান খান।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আয়োজক ও অতিথিদের ধন্যবাদ জানান।
Comments