আবহাওয়ার উন্নতি হলেই জোর দেওয়া হবে পুনর্বাসনে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
কক্সবাজারে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে মূল ফোকাস দেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানান, বন্যার প্রথম দিন থেকেই দুর্গতদের উদ্ধার এবং ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার কাজ সক্রিয়ভাবে চলছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারের বন্যাকবলিত ১০টি উপজেলার মধ্যে ৫টি উপজেলাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র ৭-৮ দিনে জেলাটিতে ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে, যা জুলাই মাসের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের কাছাকাছি। স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, পুলিশ এবং জনপ্রতিনিধিরা দুর্যোগ মোকাবিলায় একযোগে কাজ করছেন।
প্রতিমন্ত্রী জানান, জলবায়ুর বিরূপ প্রভাবে কক্সবাজারে এবার অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজারে সাধারণত পুরো জুলাই মাসে গড়ে প্রায় ৯০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু এবার মাত্র ৭-৮ দিনেই ৮০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই স্বল্প সময়ে অতিবৃষ্টি, পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়ার যৌথ প্রভাবেই জেলায় এই আকস্মিক ও ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
বন্যাদুর্গতদের সহায়তায় সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বেশ কিছু দিকনির্দেশনা উল্লেখ করেন: প্রতিটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে বন্যা পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো এলাকায় জরুরি সহায়তার প্রয়োজন হলে তা তাৎক্ষণিকভাবে পৌঁছে দেওয়া হবে।: পানি নেমে যাওয়ার পরপরই ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়াকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় সব ধরনের গাইডলাইন দেওয়া হয়েছে। মাঠপর্যায়ের প্রকৃত চিত্র তুলে ধরে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়তা করায় প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী শুরু থেকেই কক্সবাজারসহ দেশের বন্যাকবলিত জেলাগুলোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। বন্যার ক্ষয়ক্ষতি বিবেচনায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও বিস্তৃত করতে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে মাঠপর্যায়ে সার্বিক কার্যক্রম সমন্বয় ও তদারকি করছেন।
Comments