দেশ বন্যায় ভাসছে, আর প্রধানমন্ত্রী সেলফি তোলায় ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী
দেশের দক্ষিণাঞ্চলের মানুষ যখন আকস্মিক বন্যায় সবকিছু হারিয়ে দিশেহারা, তখন প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীর সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত সময় পার করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন তিনি।
গত রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত এক পথসভা শেষে অস্থায়ী মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও এখন পর্যন্ত তাঁর বিচার সম্পন্ন হয়নি। জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরও বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে প্রয়োজনীয় সংস্কার ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দ্রুত বাস্তবায়ন করা না হলে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধেও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে এনসিপি'র মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনের আগে বিভিন্ন দলের নেতারা নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাঁদের আর জনগণের পাশে পাওয়া যায় না। তিনি ঘোষণা দেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এককভাবে অংশ নেবে। প্রার্থীর স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, "আমরা ন্যায়ের পথে চলতে চাই এবং অন্যায়ের সাথে কোনো আপস করি না। স্থানীয় সরকার নির্বাচনে আমাদের কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিল করা হবে।"
২৪-এর গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "আপনারা রাজপথে নেমেছিলেন গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। আমাদের প্রত্যাশা ছিল সংস্কারের মাধ্যমে দেশে একটি উন্নত শিক্ষাব্যবস্থা চালু হবে, গঠিত হবে স্বাধীন বিচার ও পুলিশ বিভাগ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ কোনো বিভাগই স্বাধীনভাবে কাজ করতে পারছে না।"
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভার শুরুতে সাম্প্রতিক আকস্মিক বন্যায় হতাহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
Comments