সরকারের বদনাম হয় এমন সুবিধা দলীয় নেতাকর্মীরা পাবে না: আইনমন্ত্রী
সরকারি কোনো দপ্তর বা সরকারের উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেটকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না এবং যে কাজে সরকারের বদনাম হয়, এমন কোনো অনৈতিক সুবিধা দলীয় নেতাকর্মীরা পাবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের নাম ভাঙিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোদের সতর্ক করে আইনমন্ত্রী বলেন,"একজন চাঁদাবাজ হাসপাতালে এসে যদি চাঁদাবাজি করে, সেটা তার ব্যক্তিগত লাভ হতে পারে। কিন্তু এই চাঁদাবাজির কারণে সরকারের ওপর যে কালিমার দাগ লাগবে, সেই দায় সরকার কখনোই নেবে না। অপরাধী সে দলের (বিএনপি) যত বড়ই নেতা হোক না কেন, তার প্রধান পরিচয় সে একজন অপরাধী।"
সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ টেনে মন্ত্রী বলেন, "সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় খাটিয়ে জোরপূর্বক একজনের কাছ থেকে চেকে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমরা রাত পার হতে দিইনি, দ্রুততম সময়ের মধ্যে সেই ব্যক্তিকে আইনের আওতায় এনেছি।"
বিগত সরকারের প্রসঙ্গ টেনে নেতাকর্মীদের উদ্দেশে মো. আসাদুজ্জামান বলেন, "কেউ যদি মনে করেন আওয়ামী লীগ লুটপাট করেছে, আর এখন সেই খালি জায়গায় আপনি নিজেই গিয়ে বসে যাবেন—তাহলে আপনারা ভুলের স্বর্গে বসবাস করছেন। এই রকম ভুল ধারণা বা মানসিকতা দয়া করে কেউ পোষণ করবেন না।" বর্তমান সরকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এই সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চিকিৎসক এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments