ভূমিধসের শঙ্কায় ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
টানা ভারী বর্ষণে পাহাড়ি ঢল, ভূমিধস ও সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কায় বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় টানা ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। এই সময়ে জেলার সব পর্যটন স্পটের পাশাপাশি ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এদিকে জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বান্দরবানে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী আরও ৩ থেকে ৪ দিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।
Comments