হংকং, লন্ডন ও নিউইয়র্ক থেকে বিনিয়োগ তহবিল আনার উদ্যোগ সরকারের
দেশের সরকারি ও বেসরকারি খাতের উন্নয়ন প্রকল্পগুলোর গতি ত্বরান্বিত করতে বিশ্ববাজার থেকে বিকল্প অর্থায়নের বড় উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে হংকং, লন্ডন ও নিউইয়র্কের মতো বৈশ্বিক আর্থিক কেন্দ্রগুলো থেকে বেসরকারি পর্যায়ে কেবল বাংলাদেশের জন্য বিশেষ বিনিয়োগ তহবিল (ইনভেস্টমেন্ট ফান্ড) গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
আজ সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিকল্প এই অর্থায়ন পরিকল্পনার সুফল তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, "এই আন্তর্জাতিক তহবিলগুলো চালু হলে তা দেশের অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থার ওপর কোনো অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না। বরং এগুলো সরাসরি বৈদেশিক বিনিয়োগ হিসেবে গণ্য হবে, যা সরকারি ও বেসরকারি উভয় খাতের বড় বড় বিনিয়োগ প্রকল্পে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।"
সরকারের অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়ার কারণে দেশের বেসরকারি খাত যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী।
তিনি স্পষ্ট করে বলেন, "আমাদের সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। বেসরকারি খাত যাতে কোনোভাবেই 'ক্রাউডিং আউট' বা 'ঋণবঞ্চিত' হওয়ার ঝুঁকিতে না পড়ে, সেই ভারসাম্যপূর্ণ প্রক্রিয়া কঠোরভাবে বজায় রাখা হবে।"
Comments