রাজধানীর কাঁটাবনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ২
রাজধানীর কাঁটাবনে 'আল বারাকা' নামে একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২ তলায় আগুন লেগেছে। শুক্রবার (২৬ জুন) দিবাগত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তবে এই ঘটনায় দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তিরা হলেন— মো. জনি (২৫) ও মো. আব্দুস সালাম (১৯)।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মধ্যরাতে অগ্নিকাণ্ডের এই ঘটনার পর ভবনটির ঘুমন্ত বাসিন্দারা যে যেভাবে পেরেছেন নেমে আসেন। ভবনটির বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার পর দুজন গৃহকর্মী ভবনের ভেতরে আটকা পড়েছেন।
এছাড়া ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তাদের দাবি, প্রথমে ঘটনাস্থলে পৌঁছানো ফায়ার সার্ভিসের ইউনিটের গাড়িটি বিকল হয়ে যায়।
তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, "কোনও মানুষ আটকে থাকার তথ্য আমরা পাইনি।" ঘটনাস্থলে পুলিশের সদস্যরাও উপস্থিত রয়েছেন।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Comments