টাঙ্গাইলে ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত যুবক গ্রেফতার
টাঙ্গাইলের ভূঞাপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোফাজ্জল ওরফে মুফিজুল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের ভরুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আসামি মফিজুল একই গ্রামের হাছেন মন্ডলের ছেলে। এর আগে মঙ্গলবার (২৪ জুন) ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে থানায় লিখিত মামলা করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার ২০ জুন দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় অভিযুক্ত মফিজুল মেয়েটির হাত মুখ চেপে ধরে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মফিজুল পালিয়ে যান।
এর পর বিষয়টি নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও মাতব্বরা মীমাংসার জন্য ভয়-ভীতি দেখিয়ে দরিদ্র পরিবারটিকে চাপ দেয় এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। বিষয়টি জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে গত মঙ্গলবার ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামি মফিজুলকে গ্রেফতার করতে সক্ষম হন ভূঞাপুর থানা পুলিশ।
ভুক্তভোগী মেয়েটির বাবা বলেন, তার অবুঝ মেয়ের সর্বনাশের চেষ্টা করে প্রতিবেশি মফিজুল। তার কঠোর শান্তি চান তিনি।
এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ এক ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মফিজুল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনি প্রক্রিয়া শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
Comments