মালদ্বীপ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো সহজ করতে হাইকমিশনের উদ্যোগ
মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানো আরও সহজ, দ্রুত ও ব্যয়সাশ্রয়ী করতে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্যে রয়েছে মালদ্বীপীয় মুদ্রা রুফিয়া থেকে সরাসরি বাংলাদেশে অর্থ প্রেরণের ব্যবস্থা চালু, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশিদের বেতন মার্কিন ডলারে প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা এবং মালদ্বীপে বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের প্রচেষ্টা।
এই উদ্যোগগুলো নিয়ে মঙ্গলবার (২৩ জুন) ব্যাংক অব মালদ্বীপের (বিএমএল) প্রধান কার্যালয়ে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের সঙ্গে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শরীফের বৈঠক হয়। বৈঠকে দুই দেশের আর্থিক সহযোগিতা সম্প্রসারণ, প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধা বৃদ্ধি এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা দীর্ঘদিন ধরে দেশটিতে একটি বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানিয়ে আসছেন। পাশাপাশি রুফিয়া থেকে সরাসরি বাংলাদেশে অর্থ পাঠানোর সুযোগ চালুর দাবিও রয়েছে তাদের। প্রবাসীদের মতে, এ ব্যবস্থা কার্যকর হলে অর্থ প্রেরণের খরচ ও সময় উল্লেখযোগ্যভাবে কমবে এবং হুন্ডির মতো অবৈধ লেনদেন নিরুৎসাহিত হবে।
বর্তমানে মালদ্বীপে কোনো বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা না থাকায় অধিকাংশ প্রবাসীকে বিভিন্ন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ দেশে পাঠাতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে রুফিয়াকে প্রথমে মার্কিন ডলারে রূপান্তর করে পরে বাংলাদেশে পাঠানো হয়, ফলে অতিরিক্ত খরচ ও মুদ্রা বিনিময়জনিত ক্ষতির মুখোমুখি হতে হয় প্রবাসীদের।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। একই সঙ্গে প্রবাসীদের অর্থ প্রেরণ প্রক্রিয়া আরও সহজ ও নিরাপদ হবে, হুন্ডি নির্ভরতা কমবে এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।
Comments