আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টায় পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ডিএমপি কমিশনার জানান, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশের গোয়েন্দা প্রতিবেদন ছিল পুলিশের কাছে। সেই তথ্যের ভিত্তিতে গত তিন দিন ধরে ঢাকার প্রবেশপথ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়েছে। এছাড়া পিকেট, মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল এবং সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি বলেন, 'দলটির নেতা-কর্মীরা যাতে কোথাও জড়ো হতে না পারে, সেজন্য মেস ও হোটেলসহ বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়েছে এবং বেশ কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।'
আওয়ামী লীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, এ বিষয়ে মামলা হয়েছে এবং জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা প্রমাণ করে যে তাদের বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকতে পারে। ঢাকার বাইরে থেকে এসে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশি নজরদারি অব্যাহত থাকবে। ঢাকার নিরাপত্তা নিশ্চিত করায় আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো সমাবেশ বা মিছিল করতে পারেনি এবং বাকি সময়েও তা করতে দেওয়া হবে না।
গত ৫ আগস্ট কারাগার থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের কারণে আশুরা বা তাজিয়া মিছিলে কোনো নাশকতার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, "এখন পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট শঙ্কা বা আলামত আমাদের কাছে নেই। তবে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।"
Comments