আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৯ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। একই সংবাদ সম্মেলনে ওয়ারীর শীর্ষ সন্ত্রাসী 'অটো সজল'সহ তার ৩ সহযোগীকে গ্রেপ্তারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেজন্য রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
রাজধানীর ওয়ারী এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল এবং তার ৩ সহযোগী বাপ্পী, হানিফ ও সামছুন্নাহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সজলের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র, ৭৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি এবং ৭৭ রাউন্ড গুলির মধ্যে ৫ রাউন্ড গুলি বিগত সময়ে পুলিশ থেকে লুট হওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ।
পুলিশ জানায়, সাধারণ একটি পরিবহনের লেবার হিসেবে জীবন শুরু করা সজল কালক্রমে রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের এক দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে। সজলের বিরুদ্ধে অস্ত্র, মাদক এবং চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে। চলতি বছরের মার্চ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ওপর গুলি চালিয়েছিল একদল সন্ত্রাসী। সে সময় পুলিশ তিনজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, ওই হামলায় ব্যবহৃত অস্ত্রের মূল জোগানদাতাও ছিল এই সজল।
অপরাধ দমনে এবং মহানগরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশের এই ধরনের চিরুনি অভিযান ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।
Comments