ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিলের সহায়তায় মালদ্বীপ থেকে দেশে ফিরছেন দুই প্রবাসী বাংলাদেশি
অসুস্থতা ও মানবিক সংকটে পড়া দুই বাংলাদেশি প্রবাসীর নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিলের অর্থায়নে তাদের দেশে ফেরার জন্য বিমান টিকিট প্রদান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১৮ জুন) মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম সহায়তাপ্রাপ্তদের হাতে টিকিট তুলে দেন। এ সময় হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. মোতাছেম বিল্যাহ উপস্থিত ছিলেন।
হাইকমিশন সূত্রে জানা গেছে, সহায়তাপ্রাপ্তদের একজন কুমিল্লার চান্দিনা উপজেলার নরুল ইসলাম (৫০), যিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। অপরজন একই জেলার মো. আজিজ প্রামাণিক (৫৫), যিনি সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি বিবেচনায় দেশে ফেরার এই সহায়তা দেওয়া হয়।
টিকিট হস্তান্তর অনুষ্ঠানে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি দেশের মূল্যবান সম্পদ। প্রবাসে কোনো নাগরিক অসুস্থতা, দুর্ঘটনা বা মানবিক সংকটে পড়লে তার পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের কল্যাণ, সুরক্ষা এবং প্রয়োজনে নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করেন। তাই তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার।
হাইকমিশন জানিয়েছে, মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
Comments