নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী
নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখতে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উল্লেখ করেন, সরকারপ্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই তিনি সবচেয়ে বেশি নির্ভর করেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে তাঁকে ঢাকা ও ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে হয়। ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা জটিল কাজ।
তিনি বলেন, 'এ ধরনের পরিস্থিতিতে একদিকে সরকারপ্রধানের নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা, অন্যদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা—এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফ-কে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হবে।'
সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমেই এসএসএফ'র প্রকৃত কর্মদক্ষতা ফুটে ওঠে বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী জানান, ২০০২ সালের পর এসএসএফ'র 'রেড বুক' সময়ের চাহিদানুযায়ী পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক এবং সময়োপযোগী করা হয়েছে। এই 'রেড বুক' এসএসএফ'র কার্যপদ্ধতি ও নীতিমালার পাশাপাশি আইনি সুরক্ষাও নিশ্চিত করেছে।
সদস্যদের উদ্দেশে তিনি বলেন, রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় ও পরিস্থিতি বিবেচনায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নেরও সুযোগ রয়েছে। তবে বাহিনীর প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, পেশাদারত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি 'চেইন অব কমান্ড' কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।
তারেক রহমান বলেন, রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং দেশী-বিদেশী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এ কারণে দেশের অন্য সব নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে এসএসএফ-কে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হবে। সমন্বয় যত নিখুঁত হবে, নিরাপত্তাব্যবস্থাও তত বেশি সুচারু হবে বলে তিনি মনে করেন।
বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা এবং বিগত জাতীয় নির্বাচনে এসএসএফ'র দায়িত্বশীল ও পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
Comments