মহাখালীতে আ. লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩
রাজধানীর মহাখালী এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। তবে আটককৃতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) সামনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী হঠাৎ জড়ো হন। সেখান থেকে তাঁরা মহাখালী বাস টার্মিনালের দিকে একটি ঝটিকা মিছিল বের করেন।
মিছিলটি বাস টার্মিনাল এলাকায় পৌঁছালে মহিলা লীগের কয়েকজন নেত্রীও তাঁদের সঙ্গে যোগ দেন। মিছিল চলাকালে হঠাৎ আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এরপরই উপস্থিত নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, 'সকালে মহাখালী এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেছিল। মিছিল থেকে তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে মিছিল থেকে তিনজনকে আটক করেছে।'
বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।
Comments