সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলের মৃত্যু
সুন্দরবনের শেলা নদীতে মাছের পোনা ধরার সময় কুমিরের আক্রমণে এক নারী জেলে নিহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ছয়টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জেলের নাম সেলিনা বেগম (৫০)। তিনি মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় আরও দুই নারী জেলের সঙ্গে জাল টেনে মাছের পোনা ধরছিলেন সেলিনা বেগম। বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হঠাৎই একটি কুমির জল থেকে উঠে এসে সেলিনাকে টেনে গভীর নদীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় তাঁর সঙ্গে থাকা অপর দুই নারী জেলে সাহসিকতার পরিচয় দেন। তাঁরা পোনা ধরার জালে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে কুমিরটিকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে কুমিরটি সেলিনা বেগমকে ছেড়ে দিয়ে পানিতে তলিয়ে যায়।
পরে সন্ধ্যা ৬টার দিকে সহযাত্রী জেলেরা নদী থেকে সেলিনা বেগমের লাশ উদ্ধার করেন।
সুন্দরবন সংলগ্ন নদী ও খালে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে স্থানীয় বাসিন্দা ও জেলেদের কুমির বা বাঘের আক্রমণের শিকার হওয়ার ঘটনা নতুন নয়। বনবিভাগ প্রায়শই জেলেদের সতর্কতার সঙ্গে বনে ও নদীতে চলাচলের পরামর্শ দিয়ে থাকে।
Comments