সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, কারাগারে ধারণক্ষমতার চেয়ে ১.৭ গুণ বেশি বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের প্রতিটি সীমান্ত সম্মেলনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে উত্থাপন করে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে।
বুধবার (১৭ জুন, ২০২৬) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
সরকারি দলের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার সব সময় সীমান্তে আত্মরক্ষার অজুহাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তীব্র বিরোধিতা করে আসছে। দ্বিপক্ষীয় বৈঠকগুলোতে বিএসএফের 'লেথাল উইপনস' (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
তিনি আরও জানান, বিএসএফের গুলিতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা বা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় চুক্তি না হলেও, বিভিন্ন পর্যায়ে জবাবদিহিতা ও ক্ষতিপূরণের দাবি গুরুত্বের সঙ্গে তোলা হয়েছে। বাংলাদেশের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলে বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে 'নন-লেথাল উইপনস' (অমরণঘাতী অস্ত্র) ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে। সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে কাজ করছে।
বিরোধী দলের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ) এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা ও বন্দি সংকটের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, দেশের ৭৫টি কারাগারে বর্তমানে মূল ধারণক্ষমতার তুলনায় প্রায় ১.৭ গুণ বেশি বন্দি রয়েছেন।
বর্তমান পরিসংখ্যান অনুসারে কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা: ৪৫,১৩৬ জন। বর্তমান মোট বন্দি: ৭৭,০৪০ জন (গত ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী)। এর মধ্যে পুরুষ ৭৪,০৩৬ জন এবং নারী ২,০৭৭ জন।
অতিরিক্ত বন্দির চাপ সামলাতে ইতোমধ্যে কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ এর কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে। পাশাপাশি ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্প শেষ হলে কারাগারগুলোর ধারণক্ষমতা আরও ২,৯৫৫ জন বৃদ্ধি পেয়ে মোট ৪৮,১৩১ জনে পৌঁছাবে।
সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের জন্য একটি সুখবর দেন। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব পাসপোর্ট অধিদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যা বর্তমানে সক্রিয়ভাবে পর্যালোচনা করছে সরকার।
প্রবাসীদের ভোগান্তি কমাতে গৃহীত অন্যান্য পদক্ষেপসমূহ:
- বিদেশের প্রত্যন্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের সুবিধার্থে বিভিন্ন বাংলাদেশ মিশনে 'মোবাইল এনরোলমেন্ট কিট' (MEK) চালু করা হয়েছে।
- আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের বাসায় পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) ব্যবস্থা চালুর কাজ চলছে। এছাড়া দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্স (FedEx)-এর মাধ্যমে মিশনগুলোতে পাসপোর্ট পাঠানো হচ্ছে।
- ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা কার্যকর হওয়ায় দেশে ও বিদেশে অবস্থানরত নাগরিকদের পাসপোর্ট নবায়নের ঝামেলা অনেকটাই কমেছে।
Comments