হরমুজে অবরোধ ভেঙে তেল রপ্তানি শুরু ইরানের
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা স্বাক্ষরের আগেই বেশ কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালিতে অবরোধ পাড়ি দিয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তিতে পৌঁছানোর পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনা শুরু হওয়ার ঠিক দুইদিন আগে এই ঘটনা ঘটেছে। জাহাজ চলাচল পর্যবেক্ষণ ওয়েবসাইটের বরাতে বুধবার (১৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
তেল পরিবহন ও মজুত তদারকি করা ওয়েবসাইট 'ট্যাঙ্কার ট্রাকার্স' বলছে, গত দুই মধ্যে প্রথমবারের মতো অপরিশোধিক তেল রপ্তানি করেছে ইরান। ডিজিটাল ট্র্যাকিং ডেটা এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরু হওয়া যুদ্ধ অবসানে আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চূড়ান্ত আলোচনা শুরু হতে যাচ্ছে। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দামও বেশ কমে গেছে।
ট্যাঙ্কার ট্রাকার্স বলছে, ন্যাশনাল ইরানিয়ান ট্যাঙ্কার কোম্পানির (এনআইটিসি) ডিওনা এবং হিরো ২ নামের দুটি ট্যাংকার অবরোধ পাড়ি দিয়েছে। ট্যাঙ্কার দুটিতে মোট ৩৮ লাখ ব্যারেল তেল রয়েছে। এছাড়া বুধবার স্ট্রিম নামের আরেকটি ট্যাঙ্কার ইরানের বন্দরের দিকে যাত্রা করেছে।
এনআইটিসির সোনিয়া ১ নামের তৃতীয় আরেকটি ট্যাঙ্কার ১০ লাখ ব্যারেল তেল নিয়ে বুধবার অবরোধ পাড়ি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ট্রাকিং ওয়েবসাইটটি এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা বলছেন, সমঝোতা স্বাক্ষরের পরপরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। এটি ৬০ দিন চলবে। এতে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করা হবে।
সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, সমঝোতা স্বাক্ষরের পর ইরানকে তাৎক্ষণিক তেল ও জ্বালানি বিক্রির অনুমতি দেবে যুক্তরাষ্ট্র। দেশটির তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলতা অবিলম্বে কার্যকর করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত-রাভানচি এবং তেহরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ ইলেকট্রনিকভাবে এ সমঝোতা স্বাক্ষর করেছেন। আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে এটি স্বাক্ষরিত হবে।
Comments