স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী
দেশে একটি সম্পূর্ণ স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে 'ন্যাশনাল অ্যাকশন প্ল্যান' (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৭ জুন, ২০২৬) সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তাঁর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব এবং বাকস্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন।
বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।
এই কমিশন গঠনে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি ও নীতিগত সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক রূপায়নে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের যে অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ চাইলে তা সফলভাবে কাজে লাগাতে পারে।
রাষ্ট্রদূতের সহযোগিতার আশ্বাসকে স্বাগত জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর। তবে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি সাধারণ জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।"
তিনি আরও উল্লেখ করেন, এই দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি যুগোপযোগী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করে যাচ্ছে।
কমিশন গঠনের প্রক্রিয়া সম্পর্কে তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম খাতের সাথে সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত ও প্রতিনিধিত্ব নিশ্চিত করে দ্রুত একটি শক্তিশালী 'ড্রাফট কমিটি' (খসড়া প্রণয়ন কমিটি) গঠন করা হবে। এই কমিটি সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি সুনির্দিষ্ট 'ন্যাশনাল অ্যাকশন প্ল্যান' তৈরি করে সরকারের কাছে পেশ করবে। পরবর্তীতে, এই জাতীয় কর্মপরিকল্পনার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।
Comments