এলসিতে ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড়ে এলসির মাধ্যমে ভারতীয় টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এসময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাস্তায় টমেটো ফেলে প্রতিবাদ জানান।
মঙ্গলবার (১৬ জুন) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভে অংশ নিয়ে ব্যবসায়ীরা বলেন, চলতি মৌসুমের শেষ দিকে এসে স্থানীয় কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে কাঁচা টমেটো কিনেছেন তারা। এসব টমেটোর একটি বড় অংশ এখনও বাজারজাত করা হয়নি। তাদের দাবি, এ অবস্থায় ভারত থেকে এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং দাম কমে যাওয়ার আশঙ্কা থাকবে। ফলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
বিক্ষোভে বক্তব্য দেন টমেটো ব্যবসায়ী শাহিনুর রহমান, রিজু প্রামাণিক, রাজু আহম্মেদ, আবুল খায়ের, রাসেল আহম্মেদ, বাদশা, রফিজুল, ইঞ্জিনিয়ার, জাহেদুল, লতিফুল ও চান মোল্লাসহ অনেকে।
পরে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিনের মাধ্যমে জমা দেন। স্মারকলিপিতে দেশীয় কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে ভারতীয় এলসিতে টমেটো আমদানি সাময়িকভাবে বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
Comments