নিউজিল্যান্ডের সাথে ড্র-এর পর যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ, বৈষম্যের অভিযোগ ইরানি কোচের
বিশ্বকাপ মিশনের শুরুতেই মাঠ ও মাঠের বাইরে বড় ধাক্কা খেল ইরান। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে এশিয়ান পরাশক্তিদের। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় ঝড় উঠেছে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে। ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি বিস্ফোরক অভিযোগ তুলে দাবি করেছেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক ক্রীড়া গণমাধ্যম ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরান দলকে ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্রের সীমান্ত পার হয়ে মেক্সিকোর তিহুয়ানায় অবস্থিত তাদের বেসক্যাম্পে ফিরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনের শুরুতেই ক্ষোভ উগরে দিয়ে ইরানি কোচ আমির গালেনোয়ি বলেন, "আমাদের দল সম্ভবত পুরো বিশ্বকাপের সবচেয়ে বেশি বৈষম্য ও বঞ্চনার শিকার।"
ভ্রমণ জটিলতার বর্ণনা দিয়ে তিনি জানান, ইরানের মূল বেসক্যাম্প প্রথমে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারণ করা হলেও বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে তা মেক্সিকোর তিহুয়ানায় সরিয়ে নেওয়া হয়। অথচ ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে। মূল পরিকল্পনা ছিল প্রতিটি ম্যাচের দুই দিন আগে ইরান দল যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে এবং ম্যাচের পরদিন ফিরে যাবে। কিন্তু বাস্তবে ইরান দল স্থানীয় সময় রবিবার লস অ্যাঞ্জেলসে পৌঁছায় এবং সোমবারের ম্যাচ শেষ হতেই তাদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
গালেনোয়ি বলেন, "আমরা যাতায়াতে এত বেশি সময় আকাশে কাটিয়েছি যে খেলোয়াড়দের শক্তিসঞ্চয় বা রিকভারির কোনো সময় দেওয়া হয়নি। আজ ম্যাচ শেষ হতে না হতেই বলা হলো—সঙ্গে সঙ্গেই চলে যেতে হবে।"
কোন কর্তৃপক্ষ বা কার নির্দেশে সোমবার রাতেই ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়তে বাধ্য করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানাননি কোচ গালেনোয়ি। তবে রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার দিকে ইঙ্গিত করেছেন দলের অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড মেহদি তারেমি।
তারেমি জানান, ম্যাচ শেষে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বয়ং ইরানের ড্রেসিংরুমে এসে খেলোয়াড়দের সাথে দেখা করেছেন। তারেমি বলেন, "নিশ্চয়ই তিনি (ইনফান্তিনো) আমাদের সাহায্য করার চেষ্টা করছেন। কিন্তু বিষয়টি আরও অনেক কিছুর সঙ্গে জড়িত, এবং সবাই সেটা জানে। সেটা আলাদা করে বলার দরকার নেই, কারণ আপনারা জানেন আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।"
বিশ্বকাপের ইতিহাসে অন্যতম জটিল ও বিতর্কিত ভূ-রাজনৈতিক পরিস্থিতির মধ্যে লস অ্যাঞ্জেলসে খেলতে নেমেছিল ইরান। মাঠের ড্রয়ের চেয়ে এখন মাঠের বাইরের এই 'বাধ্যতামূলক বিদায়' নিয়ে ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।
Comments