জাতিসংঘের মানবিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের 'হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট'-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) তিনি আমেরিকার উদ্দেশে রওনা হন।
নিউইয়র্কে আগামী ১৭ থেকে ১৯ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক উচ্চপর্যায়ের আয়োজন চলবে।
এই আন্তর্জাতিক সম্মেলনে বর্তমান বিশ্বের নানামুখী মানবিক চ্যালেঞ্জ এবং তা মোকাবিলার আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব, বাস্তুচ্যুত জনগোষ্ঠী ও বৈশ্বিক সংকটের মুখে মানবিক সহায়তা কার্যক্রমকে আরও বেগবান করতে বিশ্বের বিভিন্ন দেশের নীতি-নির্ধারক, কূটনীতিবিদ, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বৈশ্বিক মানবিক সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। বিশেষ করে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য তহবিল গঠন এবং বৈশ্বিক অংশীদারিত্ব সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় তার অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরের যাবতীয় আনুষ্ঠানিকতা ও সেমিনার শেষে আগামী ২০ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
Comments