সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পরপরই, অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী এক বছরের মধ্যেই ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এক্ষেত্রে প্রথমেই ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বটি টেবিলে উত্থাপিত হয়।
নির্বাচনী রোডম্যাপ ও অন্যান্য পরিকল্পনা
মন্ত্রী জানান, নির্বাচনের সময়সীমা ও পর্যায় নির্ধারণ করা হবে বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে। তার বক্তব্যের উল্লেখযোগ্য দিকগুলো হলো, ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু হয়ে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন হবে। নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের মোট ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও নির্ধারিত এই এক বছরের সময়সীমার মধ্যেই শেষ করা হবে।
সব উপজেলায় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিদর্শন কক্ষ (ভিজিটর রুম) নির্মাণের জন্য প্রতিটি উপজেলাকে ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্ত্রী শামীম কায়সারের প্রশ্নের জবাবে জানান।
ঢাকা মহানগরীর পানি ও বর্জ্য সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ঢাকা উত্তরে ও দক্ষিণে দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটার, বিপরীতে ঢাকা ওয়াসার দৈনিক উৎপাদন সক্ষমতা ২৯৫-৩০০ কোটি লিটার। পানি বিশুদ্ধকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করা হয় এবং নিয়মিত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বর্তমানে ভ্যানের মাধ্যমে বর্জ্য সংগ্রহের কার্যক্রম চলছে। সেগুলোকে সিটি করপোরেশনের চুক্তির আওতায় এনে পরিবেশসম্মত উপায়ে ছোট কাভার্ড ভ্যানের মাধ্যমে অপসারণের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
নিবন্ধন সেবা ও যুব সমাজ নিয়ে অন্যান্য সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। জন্ম-মৃত্যু নিবন্ধনের নতুন সফটওয়্যার 'ভার্সন ২' তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে অনলাইন পেমেন্ট এবং 'ব্লক চেইন' প্রযুক্তি যুক্ত করা হবে। ফলে তথ্যের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা এবং ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে যুব সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়াতে একটি প্রকল্প ও ডিপিপি প্রণয়ন করা হয়েছে, যার সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে।
Comments