মুনাফা বাড়লেও বছর শেষে লভ্যাংশ বাড়েনি বার্জার পেইন্টসের
শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক রং প্রস্তুতকারক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মুনাফা সদ্যবিদায়ী হিসাব বছরে পৌনে ৮ শতাংশ বা ২৭ কোটি টাকা বেড়েছে। গত মার্চে সমাপ্ত হিসাব বছর শেষে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৭৭ কোটি টাকা, যা তার আগের বছর ছিল ৩৫০ কোটি টাকা।
গতকাল সোমবার (১৫ জুন) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক বিবরণী অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের জন্য ৫২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, বিনিয়োগকারীরা প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে সাড়ে ৫২ টাকা করে লভ্যাংশ পাবেন। আজ মঙ্গলবার (১৬ জুন, ২০২৬) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের হিসাব বছর শেষেও কোম্পানিটি একই হারে (৫২৫ শতাংশ) লভ্যাংশ দিয়েছিল। ফলে মুনাফা বাড়লেও এবার বার্জারের লভ্যাংশের পরিমাণ বাড়েনি।
ঘোষিত লভ্যাংশ অনুযায়ী, বার্জার পেইন্টসকে তাদের মোট মুনাফার প্রায় ৬৮ শতাংশ বা ২৫৭ কোটি ৮৮ লাখ টাকা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করতে হবে। শেয়ারের মালিকানার ওপর ভিত্তি করে এই লভ্যাংশের সিংহভাগই চলে যাবে বিদেশি উদ্যোক্তাদের পকেটে। বিদেশি বিনিয়োগকারী/উদ্যোক্তা প্রায় ৯০ শতাংশ। এদের সম্মিলিত লভ্যাংশের পরিমান ২৩১ কোটি টাকা। দেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রায় ৮ শতাংশ। পাবে ২১ কোটি টাকা। ব্যক্তিশ্রেণির সাধারণ বিনিয়োগকারী ২ শতাংশ। পাবে মোট সোয়া ৫ কোটি টাকা
বার্জার পেইন্টস বাংলাদেশ জানিয়েছে, ঘোষিত এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ৭ জুলাই রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। ওই দিন যাদের পোর্টফোলিওতে বার্জারের শেয়ার থাকবে, কেবল তারাই এই লভ্যাংশ পাবেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের চূড়ান্ত অনুমোদনের পর নিয়ম অনুযায়ী লভ্যাংশ বিতরণ করা হবে।
মুনাফা বাড়লেও লভ্যাংশের হার না বাড়ায় আজ মঙ্গলবার দেশের শেয়ারবাজারে বার্জার পেইন্টসের শেয়ারের মূল্যে নেতিবাচক প্রভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলাকালীন বেলা সোয়া ১টা পর্যন্ত কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১৮ টাকা বা ১.২৫ শতাংশ কমে ১ হাজার ৪১৫ টাকায় নেমে আসে। বাজার সংশ্লিষ্টদের মতে, বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ না বাড়ায় শেয়ারটিতে কিছুটা বিক্রির চাপ তৈরি হয়েছে।
Comments