বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোড সংলগ্ন প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে 'নাসা গার্মেন্টস'-এর শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নেন। এর ফলে ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকেই নাসা গার্মেন্টসের শ্রমিকেরা জড়ো হতে থাকেন। একপর্যায়ে প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক লাভ রোড সংলগ্ন মূল সড়কে নেমে আসেন এবং অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকদের এই আকস্মিক অবরোধের কারণে লাভ রোড ও এর আশপাশের সংযোগ সড়কগুলোতে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, যা ধীরে ধীরে আশপাশের অন্যান্য সড়কেও ছড়িয়ে পড়ে। হুট করে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকা দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং যান চলাচল পুনরায় চালু করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। তারা শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
Comments