লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, পুলিশি পাহারায় সভা
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হট্টগোলের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৫ জুন) বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন 'মায়েদা গ্রিল' রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স একটি সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর। তবে এই সভাকে কেন্দ্র করে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা এনসিপি নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
ঘটনার বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়: হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা একটি পার্কের ভেতর দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের পিছু নেয় এবং উসকানিমূলক মন্তব্য করতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে হাসনাত আবদুল্লাহ পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সাথে থাকা বেশ কয়েকজনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়, যা পরবর্তীতে হাতাহাতিতে রূপ নেয়।
উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কড়া পুলিশি পাহারায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি তার বক্তব্য পেশ করেন এবং কর্মসূচি শেষে পুলিশের বিশেষ নিরাপত্তায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এই ঘটনাকে 'কাপুরুষোচিত' আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। এক বিবৃতিতে সংগঠনটি দাবি করেছে, আওয়ামী লীগ এখনও তাদের পুরোনো ভীতি প্রদর্শন, সহিংসতা ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।
Comments