দক্ষ মানবসম্পদ গড়ার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছায়: মির্জা ফখরুল
শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 'কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না। আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে।'
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে 'বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগ'-এর আওতায় স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, 'আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। শিশুদের ভালোভাবে লেখাপড়া করিয়ে তাদের ভবিষ্যৎ উন্নত করতে তিনি পোশাক ও শিক্ষাসামগ্রী বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি শিশুরা যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, সেজন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।'
তিনি আরও বলেন, দেশের শিশু-কিশোরদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবকসহ সমাজের সব স্তরের মানুষকে আরও সচেতন হতে হবে।
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প খাতের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগাতে চীন সহযোগিতা করবে। এই লক্ষ্যে বিনিয়োগের পরিবেশ যাচাই করতে চলতি বছরেই চীনের একটি প্রতিনিধি দল ঠাকুরগাঁও পরিদর্শনে আসবে।
অনুষ্ঠানে 'গেস্ট অব অনার' হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরাই এই দেশের ভবিষ্যৎ এবং তাদের শিক্ষার উন্নয়নে সহায়তা করতে পেরে চীন সরকার অত্যন্ত আনন্দিত।
চীনের রাষ্ট্রদূত তার বক্তব্যে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। প্রতি বছরই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। ঠাকুরগাঁওয়ের কৃষি ও শিল্প সম্ভাবনা যাচাই করতে চলতি বছরের জুলাই-আগস্ট মাসে চীন থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আসবে। এছাড়া, আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের চীন সফরের সুযোগ তৈরি করা হবে, যা দুই দেশের তরুণ প্রজন্মের সম্পর্ককে আরও দৃঢ় করবে।
'তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ' প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ হাজার ৫০০ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পায়গাম আলীসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Comments