শেয়ারবাজারে মূলধনী আয় আবারও করমুক্ত করার প্রস্তাব
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য একটি ইতিবাচক ও স্বস্তিদায়ক ঘোষণা এসেছে। শেয়ারবাজারে অর্জিত মূলধনী মুনাফার ওপর বর্তমানে কার্যকর ১৫ শতাংশ কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
বর্তমান আয়কর আইন, ২০২৩-এর সপ্তম তফসিল অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন থেকে ব্যক্তি করদাতার অর্জিত মূলধনী আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের বিধান রয়েছে। তবে নতুন বাজেটে এ বিধান বাতিলের প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে প্রস্তাবটি অনুমোদিত হলে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজ লেনদেন থেকে অর্জিত মূলধনী মুনাফা সম্পূর্ণ করমুক্ত হবে। বাজারসংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এবং দেশের পুঁজিবাজারে নতুন বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে বাজারকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Comments