ইসরায়েলি হামলায় নিহত ইরানের দুই সামরিক কর্মকর্তা
ইসরায়েলের চালানো এক হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিটের উচ্চপদস্থ দুই সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতরা হলেন বাহমান হোসেইনি এবং আলিরেজা আবিরি। তেহরানের আকাশসীমা রক্ষার দায়িত্বে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় তারা প্রাণ হারান।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির বরাত দিয়ে আনাদলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। গত সোমবার ইসরায়েলের চালানো হামলায় তারা শহীদ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) দুই কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়।
চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও গত রবিবার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালালে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলও ইরানের বিরুদ্ধে দফায় দফায় বিমান হামলা চালায়। সোমবার উভয়পক্ষের হামলা অব্যাহত ছিল।
পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে সাময়িকভাবে একে অপরের ওপর সামরিক হামলা স্থগিত করেছে ইরান ও ইসরায়েল। তবে লেবাননের ওপর নতুন করে কোনো হামলা চালানো হলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে উভয়পক্ষ।
Comments