স্থানীয় সরকার নির্বাচনে আ. লীগ নেতাকর্মীদের অংশগ্রহণে বাধা নেই: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রচলিত আইনি মানদণ্ড পূরণ করতে পারলে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশ নিতে সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায়, দলীয় পরিচয় বা রাজনৈতিক প্রচারণার ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা থাকবে বলে স্পষ্ট করেছেন তিনি।
আজ মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এ কথা জানান।
আওয়ামী লীগের যেসব নেতাকর্মী বর্তমানে দেশে আছেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে সরকার সেই সুযোগ দেবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, "এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। কারণ, এই নির্বাচনটি সম্পূর্ণ নির্দলীয়। কোনো ব্যক্তি যদি নির্বাচনে অংশ নিতে চান এবং তিনি যদি আওয়ামী লীগেরও হন, তাতে কোনো বাধা নেই।"
তবে দলীয় প্রচারণার বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, "যেহেতু সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে, তাই প্রচার-প্রচারণার সময় আওয়ামী লীগের দলীয় পরিচয়, ব্যানার কিংবা তাদের রাজনৈতিক বক্তব্য সামনে এনে প্রচারণা চালানো হলে তা আইনগতভাবে সমস্যা হিসেবে গণ্য হবে।"
উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, ব্যক্তি হিসেবে যে কেউ যদি প্রার্থী হওয়ার সব ধরনের আইনি ক্রাইটেরিয়া বা শর্তাবলী পূরণ করতে পারেন এবং নিজে নির্বাচন করার সিদ্ধান্ত নেন, তবে তিনি স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কাউকে বাধা দেওয়ার বা রাজনৈতিক স্পেস সংকুচিত করার কোনো কারণ নেই।
Comments