রাজধানীতে স্বেচ্ছাসেবক দলনেতা বিল্লাল হত্যা: আটক ২
রাজধানীর মৌচাক এলাকায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন— মো. রিয়াজ ও আল আমিন।
আজ মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক এই রাজনৈতিক নেতাকে হত্যার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে এই বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা সম্পন্ন হলে আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে গতকাল সোমবার (৮ জুন) রাত ৮টার দিকে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে প্রতিপক্ষের উপ্যুপরি ছুরিকাঘাতে নিহত হন বিল্লাল হোসেন তালুকদার। দুর্বৃত্তরা তার বুকের ডান পাশে মারাত্মকভাবে ছুরিকাঘাত করে।
নিহতের পরিবারের দাবি, বিল্লাল হোসেনের ভাগ্নেকে মারধরের একটি ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাতে আনারকলি মার্কেটের সামনে একটি স্থানীয় সালিশ বৈঠক বসেছিল। সেই বৈঠক চলাকালীন উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে বিল্লাল হোসেনের বুকে সরাসরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
Comments