বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ
বকেয়া বেতন ও ভাতার দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নাসা গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে প্রায় ৫০০ শ্রমিক আকস্মিক সড়কে অবস্থান নিলে গুরুত্বপূর্ণ এই রুটে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, শ্রমিকদের এই আকস্মিক অবরোধের কারণে মহাখালী-তেজগাঁও করিডরের উভয় দিকেই যানবাহন আটকে পড়ে। ব্যস্ততম এই সড়কের অচলাবস্থার কারণে মুহূর্তের মধ্যে আশপাশের লিংক রোডসহ গুলশান, বনানী ও ফার্মগেট অভিমুখী সড়কগুলোতেও তীব্র যানজট ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের নিয়মতান্ত্রিক বেতন এবং বিভিন্ন আনুষঙ্গিক ভাতা বকেয়া রাখা হয়েছে। বারবার কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও পাওনা না পাওয়ায় বাধ্য হয়ে তারা রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন। বকেয়া পাওনা পুরোপুরি পরিশোধের সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, এর আগে গত ৪ জুন (বৃহস্পতিবার) একই দাবিতে তেজগাঁও লিংক রোডে প্রায় সাত ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিলেন নাসা গ্রুপের এই শ্রমিকরা। সে সময় মালিকপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় আলোচনার পর ৮ জুন (আজ) চূড়ান্ত বৈঠকের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়েছিল।
তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত আজকের বৈঠকেও কর্তৃপক্ষের কাছ থেকে চূড়ান্ত কোনো ইতিবাচক সমাধান না আসায় শ্রমিকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যান চলাচল স্বাভাবিক করতে বিকেল থেকেই ঘটনাস্থলে কাজ করছে গুলশান ট্রাফিক বিভাগ ও স্থানীয় থানা পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা) শ্রমিকরা সড়কেই অবস্থান করছিলেন এবং পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছিল।
Comments