প্রতিদিন মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি যাবে রাজধানীতে: স্থানীয় সরকারমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প পুরোপুরি চালু হলে প্রতিদিন মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি বিশুদ্ধ করে ঢাকা শহরে সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন 'ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডব্লিউএস)' প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের সেজান পয়েন্টে প্রকল্পের পাইপলাইন স্থাপন কাজ এবং শোধনাগারের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকারমন্ত্রী জানান, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই মেগা প্রকল্প থেকে পরীক্ষামূলক ও আংশিক পানি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করে ঢাকা ওয়াসার মাধ্যমে রাজধানীতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রী বলেন, 'ঢাকা শহরের পানির চাহিদা পূরণে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা ছিল, যার ফলে পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাচ্ছিল। এই ভয়াবহ সংকট থেকে উত্তরণের জন্যই মেঘনা নদীর পানি শোধন করে রাজধানীতে সরবরাহের এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের ৯৭ শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।'
তিনি আরও জানান, ভবিষ্যতে অনুরূপ আরও একটি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ কোটি লিটার পানি সরবরাহের সুযোগ সৃষ্টি করা হবে, যা দীর্ঘমেয়াদে রাজধানীর পানির চাহিদা পূরণ করবে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম প্রকল্পের কারিগরি সক্ষমতা তুলে ধরে বলেন, গন্ধর্বপুর পানি শোধনাগার থেকে প্রথম ধাপে প্রতিদিন ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করা হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হলে আরও ৫০ কোটি লিটার পানি এই গ্রিডে যুক্ত হবে। ফলে দুই ধাপ মিলিয়ে প্রকল্পটির দৈনিক পানি সরবরাহ সক্ষমতা দাঁড়াবে ১০০ কোটি লিটারে।
নানা জটিলতায় কয়েক দফা মেয়াদ ও ব্যয় বাড়ার পর আলোর মুখ দেখতে যাওয়া এই প্রকল্পটির মূল লক্ষ্য ঢাকা মহানগরীর একটি বিশাল অংশকে নিরবচ্ছিন্ন পানির আওতায় আনা। প্রকল্পটির মাধ্যমে রাজধানীর মতিঝিল, পল্টন, ফকিরাপুল, উত্তরা, গুলশান, বনানী, নিকুঞ্জ, খিলক্ষেত, বাড্ডাসহ সমগ্র মিরপুর ও এর আশপাশের এলাকায় ২৪ ঘণ্টা বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
পরিদর্শন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং অবশিষ্ট কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন।
এ সময় মন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন—স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একান্ত সচিব মো. মনিরুজ্জামান, সহকারী একান্ত সচিব কৃষিবিদ মো. ইউনুস আলী, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, প্রকল্প পরিচালক ওয়াহিদুল ইসলাম (মুরাদ) এবং রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
Comments