ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত অন্তত ১৫
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বহু ভবন ধসে পড়েছে এবং অন্তত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর মধ্যে ১২ জন সোক্সকারগেন অঞ্চলে এবং বাকি ৩ জন দাভাও অক্সিডেন্টাল প্রদেশে মারা গেছেন।
ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি থাকা জেনারেল সান্তোস সিটি এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার বেশ কিছু যাচাইকৃত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি জনপ্রিয় ফাস্টফুড রেস্তোরাঁর ওপরের তলা পুরোপুরি ধসে পড়েছে এবং একটি বড় বাণিজ্যিক কমপ্লেক্সের বাইরের কংক্রিটের দেয়াল ভেঙে পড়েছে।
বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট ড্যাগন বলেন, 'ভূমিকম্পে বিপুল সংখ্যক ঘরবাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই মুহূর্তে আমরা উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি, যার কারণে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনই দেওয়া সম্ভব হচ্ছে না।'
এদিকে ফিলিপাইনের সিভিল ডিফেন্স অফিস থেকে জনসাধারণের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। শক্তিশালী 'আফটারশক' বা অনুকম্পনের আশঙ্কা থাকায় স্থানীয় বাসিন্দাদের ফাটল ধরা বা ক্ষতিগ্রস্ত ভবন ও অবকাঠামোতে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। উদ্ধারকর্মীরা নিখোঁজ ও আটকে পড়াদের উদ্ধারে অনুসন্ধান অভিযান চালিয়ে যাচ্ছেন।
Comments