ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মা ও তার পাঁচ বছরের শিশু সন্তান রয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন— অটোরিকশাচালক মাহবুব (৪৫), অটোরিকশার যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার ছেলে আশরাফুল (৫)।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও তার চার বছরের মেয়ে আদিবাকে উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কসবা থেকে পরিবার নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথিমধ্যে অটোরিকশাটি বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মাছভর্তি দ্রুতগামী পিকআপ ভ্যান সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আহত কাউসার ও তার শিশুকন্যা আদিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Comments