হাদি হত্যাকাণ্ড: ‘বিতর্কিত মন্তব্য’ করায় মমতার বিরুদ্ধে ভারতে এফআইআর
বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড এবং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। ভারতের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগটি দায়ের করেন রিঙ্কি সিং চট্টোপাধ্যায় নামের এক আইনজীবী।
ভারতের সংবাদমাধ্যম 'টিভি নাইন বাংলা'-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিযোগকারীর দাবি, মমতার এমন বক্তব্য ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে।
গত ২ জুন পশ্চিমবঙ্গে আয়োজিত এক সভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন:
'বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে রাজ্য পুলিশের এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে অনেক আন্দোলন হয়েছে। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। কিন্তু আমি যেটা বলতে চাইছি, তা হলো—ওই হত্যাকারীরা মেঘালয় সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে চলে আসে। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাদের ধরে। এটা পুলিশের কৃতিত্ব।'
মমতা আরও দাবি করেন, এই গ্রেপ্তারের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে তাকে ফোন করেছিলেন। মমতা বলেন, "অমিত শাহ আমাকে ফোন করে বলেছিলেন, আপনি রাজ্য পুলিশকে জানিয়ে দিন এটা যেন বাইরে না যায়, কারণ এটা দেশের ব্যাপার।" এরপর স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে মমতা বলেন, "কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজকে (বাংলাদেশে) সরকার পরিবর্তন হলেও আমি সবটাই জানি। আমার হৃদয়টাই তথ্যের ভাণ্ডার।"
তবে বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে নামগুলো এখনই প্রকাশ করছেন না জানিয়ে তিনি বলেন, "বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। আমি দেশকে ভালোবাসি। দেশের স্বার্থে ওই নাম আমি বলব না।"
অভিযোগের বিবরণী ও মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর (তৎকালীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে ঢাকার পল্টন এলাকায় গুলি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই ঘটনায় পল্টন থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
হাদি হত্যাকাণ্ডের পর চলতি বছরের জানুয়ারিতে অভিযুক্ত দুই হত্যাকারী মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার হয়। এই ঘটনাটিকেই গত ২ জুনের সভায় জনসমক্ষে নিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
Comments